ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে, ঢাকা শহরের কোনো সময়সীমা নেই। তাই আগামী ১ জুলাই থেকে ঢাকা শহর রাত ৮টার পর বন্ধের উদ্যোগ নেব। অবশ্য রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ কর্তৃক এ সেমিনারের আয়োজন করা হয়
এর আগে, গত ১৬ মে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়কে যানজট নিরসনসহ সার্বিক শৃঙ্খলার কথা উল্লেখ করে রাত ৮টার পর পরই রাজধানীতে দোকান বন্ধের আহ্বান জানিয়েছিলেন ডিএসসিসি মেয়র।
মেয়র বলেন, করোনার সময় জনজীবন যখন স্তব্ধ ছিল তখন আমরা প্রকৃতিতে সজীবতা জেগে ওঠতে দেখেছি। কারণ প্রকৃতির বিশ্রাম করার সময় লাগে। আমরা সারাদিনই ঢাকার ওপর অত্যাচার করব আর ঢাকা আমাকে সুন্দর পরিবেশ উপহার দেবে, তা আশা করা ঠিক নয়।
তিনি বলেন, ছোটবেলায় আমি বৃষ্টি পছন্দ করতাম। বৃষ্টিতে ভিজে আনন্দ করতাম। আমার মনে হয়, বৃষ্টির সঙ্গে বাঙালি জাতিসত্তার অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বৃষ্টি হলে আমার ভয় লাগে। জলাবদ্ধতা ও ডেঙ্গু বিস্তারের কারণে ভয় লাগে।

তাপস বলেন, ঢাকা সিটি করপোরেশনের যে নর্দমাগুলো আছে সেগুলো পানি নিষ্কাশনের জন্য; পয়োবর্জ্য নিষ্কাশনের জন্য নয়। পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করবে ঢাকা ওয়াসা। কিন্তু ওয়াসা পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না করে এগুলো আমাদের নর্দমায় দিয়ে দেয়। ফলে নর্দমাগুলো থেকে পয়োবর্জ্য খালে চলে যায়। এ বিষয়টি ১ জুলাই থেকে কঠোর বাস্তবায়ন করা হবে।
বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জিআইজেড বাংলাদেশের অ্যাডাপটেশন অব আরবান এরিয়াস টু ক্লাইমেট চেঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. ডানা দে লা ফনটেইন বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে অঞ্চল ও নগর পরিকল্পনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর প্রকাশনা উন্মোচন এবং অঞ্চল ও নগর পরিকল্পনা বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ এর ঘোষণা করা হয়। সেমিনারে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের টিম লিডার ড. আইনুন নিশাত জাতীয় অভিযোজন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
