ঢাকাSunday , 10 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে একদিনে ৪ মৃতদেহ উদ্ধার

শেখ মহসীন
April 10, 2022 10:47 pm
Link Copied!

ঈশ্বরদীতে একদিনে চারটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে আত্মহত্যার ঘটনা দু’টি, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ এপ্রিল (রবিবার)  মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিক জানান, চররূপপুর সরদাপাড়ায় শারমিন খাতুন (২০) নামে গৃহবধূ ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার সোহাগ হোসেনের স্ত্রী। পারিবারিক মনোমালিন্যের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে পুলিশ ধারণা করছে।

থানার এসআই শাহীন জানান, শহরের আলহাজ্ব মোড় এলাকায় মার্কেটের পেছনের একটি ঘরে মানসিক ভারসাম্যহীন আমিরুল ইসলাম আমিন (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে পোকা লেগে গিয়েছিল। স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর আগে স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পর সে একাই এখানে থাকতো। দুটি ছেলে থাকলেও কেউ কোন খোঁজখবর করতো না।
বিকাল সাড়ে ৪টায় ঈশ্বরদী জংসন স্টেশনে রকেট মেইলের ছাদ হতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এসআই আমজাদ আলী চৌধুরী জানান, যাত্রীদের কাছে খবর পেয়ে ইঞ্জিনের পেছনের বগির ছাদ হতে এই লাশ উদ্ধার হয়েছে। ওই ব্যক্তির এখনও কোন পরিচয় জানা যায়নি।

সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামে আছিয়া খাতুন (২৭) নামে আরেক গৃহবধূর মরদেহ রাত সাড়ে ৮টায় পুলিশ উদ্ধার করেছে। সেই ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী। এসআই মুকুল মিঞা জানান, আছিয়া দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলো। শারীরিক কষ্ট সইতে না পেরে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, সবকটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানোর প্রস্তুতি চলছে।