ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি: সরকারি ৩৫ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার শঙ্কা

জয়পত্র ডেস্কঃ
জুলাই ১, ২০২৪ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তারা নেবেন না কোনো ক্লাস-পরীক্ষা। এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক কাজও করবেন না। এর ফলে এসব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতেই শিক্ষক-কর্মকর্তাদের এই কর্মবিরতি।
এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। তবে এ দিবসে অংশ নিচ্ছেন না শিক্ষকরা। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের বাতিলের দাবিতেই শিক্ষকদের এমন অনঢ় অবস্থান । ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, এই সর্বজনীন পেনশন স্কিম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। তাই শিক্ষকদের মর্যাদা হনন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের কোনো অনুষ্ঠানে অংশ নেবে না।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে গত কয়েক মাসে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে আসছেন ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা । সেই ধারাবাহিকতায় গতকালও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল দুপুরে কলাভবনের মূল ফটকে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া।
তিনি বলেন, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচিসহ কর্মবিরতি পালন করেছি। তবে সরকারের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে আমরা ক্লাসে ফিরে যেতে পারি। অন্যথায় ১লা জুলাই থেকে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।
ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, প্রত্যয় স্কিম চরম অপরিপক্ব হাতের কাজ। এর মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাদের আন্দোলন আগামী দিনের তরুণ সমাজের স্বার্থরক্ষার পক্ষে এবং উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন। দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
কী আছে প্রত্যয় স্কিমে ? সরকারি কর্মচারীরা বর্তমানে সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা জমা রাখে, যার বিনিময়ে সরকার ১১ থেকে ১৩ শতাংশ হারে সুদ দেয়। যেসব সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান, তারা টাকা রাখেন জিপিএফে। আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান, তারা টাকা রাখেন সিপিএফে। পেনশনে যাওয়ার পর তারা এই টাকা পেয়ে থাকেন।
অর্থ বিভাগ বলেছে, বিদ্যমান সিপিএফ ব্যবস্থায় কর্মচারী মূল বেতনের ১০ শতাংশ এবং প্রতিষ্ঠান মূল বেতনের ৮ দশমিক ৩৩ শতাংশ দেয়। প্রত্যয় কর্মসূচিতে প্রতিষ্ঠান দেবে মূল বেতনের সমান অর্থাৎ ১০ শতাংশ। বিদ্যমান সিপিএফ–ব্যবস্থা থেকে তা ১ দশমিক ৬৭ শতাংশ বেশি। প্রত্যয় কর্মসূচিতে একজন কর্মচারীর নিজ বেতন থেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একই পরিমাণ টাকা ৩০ বছর চাঁদা দিলে অবসরের পর অর্থাৎ ৬০ বছর বয়স থেকে ওই কর্মচারী মাসিক ৬২ হাজার ৩৩০ টাকা হারে পেনশন পাবেন।
প্রত্যয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মচারীদের মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা—এ দুয়ের মধ্যে যেটা কম তা তাঁদের বেতন থেকে কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। এরপর উভয় অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। অর্থ বিভাগ বলেছে, ৩০ বছর ধরে মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে চাঁদা দিলে একজন কর্মচারীর নিজ বেতন থেকে চাঁদা জমা হবে ৯ লাখ টাকা আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও ৯ লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে ১৮ লাখ টাকা। তিনি যদি ৭৫ বছর বয়সে মারা যান, তাহলে ১৫ বছরে পেনশন পাবেন ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৪০০ টাকা, যা সংশ্লিষ্ট কর্মচারীর নিজ জমার ১২ দশমিক ৪৭ গুণ।
অর্থবিভাগ আরও বলেছে, পেনশনের সুবিধা আজীবন মিলবে বলে এ অঙ্ক আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। এ ছাড়া বিনিয়োগ থেকে প্রাপ্য মুনাফার হার বৃদ্ধি পেলে মাসিক পেনশনের পরিমাণও বাড়বে। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং পেনশনের অর্থ আয়করমুক্ত। এ কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাঁদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয় যাবেন। মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তাঁদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, প্রত্যয় চালুর মাধ্যমে বিদ্যমান সুবিধা কাটছাঁট করা হচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী এবং এতে শুভংকরের ফাঁকি আছে। এই সিদ্ধান্ত ৩০ জুনের মধ্যে প্রত্যাহার করা না হলে পরদিন থেকে আমরা সর্বাত্মক কর্মসূচিতে যাব। অর্থাৎ পাঠদান,পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে।
জিনাত হুদা জানান, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পাঁচ সদস্যের কমিটির মাধ্যমে পর্যালোচনা করে একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেনও। এটা তাদের জন্য কতটা বৈরী ও অবমাননাকর সেটি তারা প্রতিবেদনে দেখিয়েছেন।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির দিকে শিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। শিক্ষকদের এ আন্দোলনের পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সর্বজনীন পেনশনের আওতায় কারা আসবে, সেটা সরকারের নির্বাহী বিভাগের সিদ্ধান্ত। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সেটার সঙ্গেই আছে। শিক্ষকরা দাবি-দাওয়া সরকারের কাছে জানাচ্ছেন, সরকারই এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের এখানে কিছু করার নেই।