পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছে থেকে ১টি খেলনা (ড্যামি) পিস্তল, পিস্তলের কভার, ১টি হ্যান্ডকাফ, গ্রিল কাটার রড, মরিচ ও হলুদের গুঁড়া মিশ্রিত চেতনানাশক পাউডার উদ্ধার এবং একটি সিএনজি আটক করেছে।
পাবনা জেলা পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লিটন হোসেন (৪৫) ও ঈশ্বরদী উপজেলার রূপপুর বটতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে সিএনজি চালক উজ্জল হোসেন (৫৫) ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আওতাপাড়া গ্রামে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তা থেকে দুটি সিএনজির মধ্যে একটিতে ডাকাত দলের দ্বিতীয় নেতা রাজুসহ অন্যরা
পালিয়ে যায়। পরে দুই দিক থেকে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আওতাপাড়া হাটের কাছে লিটন হোসেন ও সিএনজি চালক উজ্জল হোসেনকে আটক করেন।
