পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি নেতা রিপনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটে আব্দুস সালামের কার্যালয়ে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় আব্দুস সালাম তাঁর কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৭-৮ জনের একটি সশস্ত্র দল সেখানে ঢুকে তাঁকে ও রিপনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন। স্থানীয়ভাবে তিনি শ্রমিক লীগের নেতা হিসেবেও পরিচিত ছিলেন। অপর নিহত রিপন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
