ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  • অন্যান্য

২০২৫ সালের ১ জুলাই থেকে প্রত্যয় স্কিম বাধ্যতামূলক

জয়পত্র ডেস্কঃ
জুলাই ১৫, ২০২৪ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী বছরের ১ জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশন ব্যবস্থায় আনা হবে বলে স্পষ্ট বার্তা দিলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
রোববার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বর্তমানে ব্যাপক আলোচিত সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম চালু হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। তবে এ স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা আন্দোলনে জল ঘোলা হয়েছে অনেক। এবার এ স্কিমের আওতায় আগামী বছরের ১ জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলক পেনশন ব্যবস্থায় আনা হবে বলে স্পষ্ট বার্তা দিলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব স্তরের জনগণকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর আওতায় ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ উদ্বোধন করা হয়।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাইয়ে বা তার পরে যোগদান করা-দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠনের প্রতিষ্ঠানের কর্মচারীরা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।
১ জুলাই চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের নানা মহল থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকেরা এসব যুক্তি মানছেন না।
এদিকে ২ জুলাই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন।
এর মধ্যেই গতকাল (শনিবার) শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, এ বছর নয়, আগামী বছর থেকে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু হবে। আলাপ আলোচনার ভিত্তিতে ওই বছরের ১ জুলাই থেকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।
বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া আলোচনা সন্তোষজনক হয়েছে বললেও আজ এক বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।