প্রতিনিধি।। আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে ঈশ্বরদীতে জাতীয় শ্রমিকলীগের সাথে নেশকো শ্রমিকলীগ, বিএসআরআই শ্রমিকলীগ, আরএআরএস শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী শাখা,অটো বাইক শ্রমিক সমিতি, রেলওয়ে শ্রমিকলীগ, বেসরকারি বিদ্যুত শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক,রেশম বীজাগার শ্রমিক ইউনিয়ন, দাশুরিয়া ইউনিয়ন শ্রমিকলীগ,রিক্সা-ভ্যান শ্রমিকলীগের একাংশসহ বিভিন্ন শ্রমিক ইউনিটের শ্রমজীবী জনতা মহান মে দিবসের বিশাল শ্রমিক শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট ট্রাফিক মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সম্পাদক আসলাম উদ্দিন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী পৌর শাখার সভাপতি মজিবর রহমান খান, বিএসআরআই কর্মচারী কল্যান সমিতির সভাপতি নজরুল ইসলাম খান ও রেশম বীজাগার শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সুবল কুমারসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ। এসময় সভাপতি ইব্রাহিম হোসেন শ্রমিকদের সকল ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে সকলের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে যে কোন শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহনের আহবান জানিয়ে পথসভার সমাপ্তি ঘোষণা করেন। পথসভা শেষে নেসকো ভবনে সকলের অংশগ্রহনে ভূরিভোজ অনুষ্ঠিত হয়। অন্যদিকে শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির হোসেন,রিক্সা সমিতির সভাপতি বাদশা ও সাধারন সম্পাদক জাকির হোসেন পৃথকভাবে কর্মসূচি পালন করে।
