ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

মস্কোতে কনসার্টে হামলায় নিহত বেড়ে ৬০, আইএসের দায় স্বীকার

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৩, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে জড়ো হওয়া মানুষদের ওপর সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক কুখ্যাত জঙ্গিগোষ্ঠী আইএস জানিয়েছে তাদের আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ বা আইএস-কে এই হামলা চালিয়েছে । শুক্রবার রাতে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
রুশ গণমাধ্যমগুলো বলছে, হামলায় প্রাথমিকভাবে ৪০ জনের মৃত্যুর তথ্য জানানো হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। পরে এ সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়ায়। হামলার সময় রাশিয়ার জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের ওই কনসার্টে উপস্থিত ছিলেন অন্তত ৬ হাজার ২০০ জন মানুষ। যুদ্ধের পোশাক পরে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের সহযোগিতা দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রোকাস কমপ্লেক্সে জরুরি পরিস্থিতির পর রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে সন্ত্রাসীদের কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলায় পাঁচ বন্দুকধারী অংশগ্রহণ করেছে।
হামলার পর মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর রেলওয়ে স্টেশনগুলোতেও নিরাপত্তা জোরদার করছে। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করা হবে এবং নির্মমভাবে ধ্বংস করা হবে।’
আইএসের দায় স্বীকার
হামলার কয়েক ঘণ্টার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে নৃশংসভাবে মানুষ হত্যায় কুখ্যাতি অর্জন করা জঙ্গিগোষ্ঠী আইএস। তারা জানিয়েছে তাদের আফগান শাখা আইএস-কে এই হামলা চালিয়েছে।টেলিগ্রামে জঙ্গিদের ওয়েবসাইট আমাক এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে।’