ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান চিফ হুইপ নাহিদ

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। উপনেতা হলেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) এ তথ্য নিশ্চিত করেছেন। সংসদীয় দলের একটি সূত্র জানায়, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে। এর আগে দুপুর সাড়ে ১২টায় জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এ প্রার্থী।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট। ফলে ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয় পান তিনি। পোস্টাল ভোটেও শাপলা কলি এগিয়ে ছিল। নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬৬ ভোট।