দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে ইতোমধ্যে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দিনভর ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সন্ধ্যার পর থেকে আসতে থাকে ফলাফল। সময় যত গড়াতে থাকে ততই বিএনপির জয়ের ব্যবধান বাড়তে থাকে।
রাত দেড়টার দিকে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সবশেষ খবর অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা ১৬৫ আসন লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬২টি আসনে জয় পেয়েছে। এছাড়া স্বতন্ত্র একটি এবং অন্যান্য দলগুলো ৭টি আসনে বিজয়ী হয়েছে।
বিএনপি সবশেষ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। গত ২০ বছর ধরে দলটি নানা জুলুম-নিপীড়নের শিকার হয়েছে। দলের প্রধান খালেদা জিয়া কারাগারে এবং দ্বিতীয় প্রধান তারেক রহমানকে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন যাপন করতে হয়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের প্রায় দেড় বছর পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনে আবারও ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয় বিএনপির সামনে।
