ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩ হাজার ৮০১ ভোটে পরাজিত করেন।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে পাবনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. শাহেদ মোস্তফা জেলা সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী,অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৭০ ভোট।
সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।
এ আসনে মূল লড়াই জমে ওঠে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালেব মন্ডলের মধ্যে। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয় ছিনিয়ে নেন তালেব মন্ডল।
হাজারো লড়াই-সংগ্রামের পর নিজ এলাকায় নির্বাচনে অংশ নিয়ে এ বিজয়কে জনপ্রিয়তার প্রমাণ হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই এটিকে ‘জনগণের ভালোবাসার প্রতিফলন’ বলে মন্তব্য করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,“এ বিজয় আমার ঈশ্বরদী-আটঘরিয়ার প্রাণের মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করতে চাই।” ফলাফল ঘোষণার পর জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।
নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল মহোদয়কে সাপ্তাহিক জয়পত্র পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়েছে।