“ভোট বিপ্লব হলে ঈশ্বরদী-আটঘরিয়া হবে উন্নয়নের রোল মডেল” পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু বলেছেন, ভোটবিপ্লবের মাধ্যমে নির্বাচিত হতে পারলে ঈশ্বরদী-আটঘরিয়াকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন। তিনি বলেন, “এই দুই উপজেলা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারেও মাথা উঁচু করে দাঁড়াবে—এটাই আমার অঙ্গীকার।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জনসভায় জাকারিয়া পিন্টুর বক্তব্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এসময় নেতাকর্মীরা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”সহ বিভিন্ন স্লোগানে সমাবেশ মুখরিত করে তোলেন। তিনি বলেন, “ঈশ্বরদী-আটঘরিয়া আমার দুই চোখের মতো। আর এ এলাকার মানুষ আমার প্রাণ। কিন্তু একটি কুচক্রী মহল মানুষের স্বপ্ন নস্যাৎ করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, “যার নিজের নেতাকর্মীরাই নিরাপদ নয়, তার কাছে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে ?” নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জাকারিয়া পিন্টু বলেন,“বর্তমান পরিস্থিতিতে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। প্রকৃত লড়াই হবে দাঁড়িপাল্লার সঙ্গে। ধানের শীষকে আমরা তেমন প্রতিদ্বন্দ্বী মনে করছি না।”
তিনি আরও বলেন, “১৯৯৬ সালে ধানের শীষে যে আগুন লাগানো হয়েছিল, ১২ ফেব্রুয়ারি মোটরসাইকেল সেই আগুন নিভিয়ে দেবে—ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মান্নান সরদার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথা, পাকশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন সরদার, পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক ফজলুর রহমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের পাবনা জেলা সমন্বয়ক আতাউর রহমান ছবি।
ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের অজস্র নেতাকর্মী উপস্থিত ছিলেন।
