নিজস্ব প্রতিনিধি ।। ২৪ জানুয়ারি শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে
ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন ; ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে ঈশ্বরদী বিমানবন্দর চালু সহ রেলওয়ে জংশন স্টেশন আধুনিকায়ন, রেলগেট সমস্যার স্থায়ী সমাধান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়াকে পরিকল্পিতভাবে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।”
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম।
মতবিনিময় সভায় সাংবাদিকরা দীর্ঘদিন বন্ধ থাকা বিমানবন্দর চালু, রেলস্টেশন আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্টেডিয়ামের উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি, রেলগেট সমস্যা নিরসন, পাঠাগার ও শিশুপার্ক নির্মাণ, মাদক নির্মূল, সড়ক উন্নয়ন এবং সাংবাদিক সংগঠনকে দলীয় প্রভাবমুক্ত রাখাসহ বিভিন্ন প্রতিশ্রুতি চাইলে হাবিব সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবার আহবান জানিয়ে বলেন,নির্বাচিত হলে পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধান করা হবে এবং উন্নয়নের মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়াকে সুন্দরভাবে সাজানো হবে।”এ সময় আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়,ফল ও শাকসবজি সংরক্ষণাগার স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তিনি আরো বলেন,পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশের সবচেয়ে নির্যাতিত হয়েছে সাংবাদিকরা। প্রেসক্লাব গুলোতে দলীয় প্রভাব বিস্তার করে সাংবাদিকদের কন্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। তবে এদেশের জনগণ যদি আগামী নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনে এবং আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয় তাই করবো এবং দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচারে যেন বাধা সৃষ্টি না হয় সেজন্য প্রেসক্লাব গুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখার পদক্ষেপ নেওয়া হবে বলেও হাবিবুর রহমান হাবিব প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হক ডাবলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মতবিনিময় সভা সমন্বয় করেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ।
