ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী পৌর এলাকায় জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদীর পৌরসভায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর শহরের শেরশাহ রোড কোবা মসজিদ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াত এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,“ঈশ্বরদী ও আটঘরিয়াকে একটি পরিকল্পিত, সুশাসিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি ও দলীয় লুটপাটমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা গেলে এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার সমন্বয়ে উন্নয়নই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল দর্শন। জনগণের আমানতকে আমানত হিসেবেই রক্ষা করা হবে। ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. বাকিবিল্লাহ খান।
ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন, পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচনী সভায় পৌর ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী, স্থানীয় সূধীজন ও বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।