জয়পত্র ডেষ্ক ।। ঈশ্বরদীতে শহীদ ওসমান বিন হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরমিরকামারী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সলিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,“শহীদ ওসমান বিন হাদী ছিলেন একজন আদর্শবাদী ও নির্ভীক সংগ্রামী মানুষ। ইসলামী আন্দোলন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর শাহাদাত আমাদের জন্য প্রেরণা, দায়িত্ব ও অঙ্গীকার—এই আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না।”তিনি আরও বলেন,“আজকের এই জালিম ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় শহীদদের ত্যাগকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড.নুরুজ্জামান প্রামানিক ও উপজেলা সেক্রেটারি মো.সাইদুল ইসলাম।
সলিমপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মো. সাইদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, সলিমপুর ইউনিয়ন আমির মো. তবিবুর রহমান, সেক্রেটারি মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ ওসমান বিন হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
