জয়পত্র ডেষ্ক ।। বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে এ আসনে কোনো দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।
রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের নির্বাচনী জোটে না থাকলেও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন,সেই আসনে সম্মানসূচকভাবে জামায়াতে ইসলামী কোনো দলীয় প্রার্থী দেবে না।
ডা. তাহের আরও জানান,বরিশাল-৫ আসনে জামায়াতের যে প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি তা প্রত্যাহার করে নেবেন।
উল্লেখ্য,এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন বলে জানানো হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
