২৮ অক্টোবর সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিএনপির এক বিক্ষোভ সমাবেশে দাশুড়িয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে । উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন,বিএনপি কখনোই সাধারণ জনগণের বিপক্ষে গিয়ে কাজ করে না। এমন কোনো কাজ করা যাবে না যা সাধারণ জনগন পছন্দ করে না। আমরা সারাজীবন আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি। তাই তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
এসময় হাবিবুর রহমান হাবিব আরো বলেন,স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার ফরমায়েশি রায়ে এখনও আমাদের বিএনপির ৯ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন। এই নয়জনের মধ্যে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে আজ হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে এসেছে। ঈশ্বরদীতে বিএনপির রাজনীতিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগের স্বৈরাচারদের আশ্রয়দাতা হিসেবে কাজ করে অনেকেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশ তা আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাবো।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সামাদ সূলভ মালিথার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন প্রমুখ ।
