নিজস্ব প্রতিনিধি ।। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা সার্বজনিন করে তোলার লক্ষে ঈশ্বরদীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ । এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উৎযাপনে কোন বাধা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ঠাকুরবাড়ী মাতৃমন্দির, মৌ-বাড়ী দুর্গামন্দির সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি ।
মন্ডপ পরিদর্শনের সময় তিনি স্থানীয় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম সহ জামায়াতের ঈশ্বরদী উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুজা মন্ডপ পরিদর্শন কালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। কোনো কুচক্রী মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এজন্য আমাদের সচেতন থাকতে হবে। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।
