নিজস্ব প্রতিনিধি ।। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত নয়ন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি/ফ্যান মেরামতের একটি দোকানও রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,নয়ন শিমুলতলা বাজারের দোকানদার ছিলো। প্রতিদিন রাত ৯/১০ টার মধ্যে সে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতো। কিন্তু বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজন শিমুলতলা বাজার ও এর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। পরে সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিহত নয়নের লাশ সনাক্ত করে। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত নয়নের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকু দিয়ে খুঁচিয়ে এবং গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে, মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
