নাটোরে মানববন্ধন ও শোভাযাত্রায় সংসদ-সদস্য আসবেন-এই অপেক্ষায় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের প্রায় ঘণ্টাব্যাপী প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। রোববার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে যোগ দিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসে শিক্ষার্থীরা। সূচি অনুযায়ী, অনুষ্ঠানে সকাল সাড়ে ৮টার মধ্যেই সবাই উপস্থিত ছিল। মানববন্ধন শেষে ৮টা ৪৫ মিনিটে র্যালি হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি নাটোর-৪ আসনের সংসদ-সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী না আসায় তীব্র রোদে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীসহ আগত সবাই। একপর্যায়ে দাঁড়িয়ে থাকতে না পেরে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় গিয়ে অবস্থান নেয় বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ওই সংসদ-সদস্য। শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ রোদে দাঁড় করানো নিয়ে অভিভাবক ও সচেতন মহল নানা প্রশ্ন তুলেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক লুৎফর রহমান বলেন, প্রোগ্রামের সময় অতিক্রম করেনি। আরও কিছু লোক আসবে। তাই অপেক্ষা।
সংসদ-সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানে কোনো শিক্ষার্থী থাকবে, এটা তার জানা ছিল না।
