ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
  • অন্যান্য

রূপপুরে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জয়পত্র ডেস্কঃ
জুলাই ১৩, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি।।
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প সংলগ্ন রূপপুর মোড় ও গ্রীণসিটি এলাকায় ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ লক্ষ্যে ১৩ জুলাই শনিবার সকালে সড়ক ও জনপথ বিভাগের সড়কের উভয় পাশে রূপপুর মোড় ও নতুনহাট  আবাসন গ্রীন সিটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র মতে জানা যায়, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে তোলা ও নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য অনেক আগেই পরিকল্পনা গ্রহন করা হয়। স্থানীয়রা এসব অবৈধ জায়গায় দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল । এ সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোপূর্বে বেশ কয়েকবার নোটিশ প্রদান এবং মাইকিং করা হয়। তারপরও স্থাপনা সরিয়ে না নেওয়া হলে শনিবার উপজেলা ও থানা প্রশাসন , সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী যৌথভাবে উচ্ছ্বেদ অভিযান শুরু করে। এসময় রাস্তার দুই পাশের দোকানপাট হোটেল-রেস্টুরেন্টসহ অবৈধভাবে দখল করে রাখা মোট ১২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী, সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী, সাদিকুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে হোটেল-রেস্টুরেন্টসহ দোকানপাট নির্মাণ করে  দখল করে রাখা হয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনা সরানোর জন্য বারবার নোটিশ প্রদান এবং মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা কর্ণপাত না করায় আজকে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরো বলেন, পর্যায়ক্রমে রূপপুর প্রকল্পের আশেপাশের সড়কের সকল অবৈধ স্থাপনা  উচ্ছেদ করা হবে।