ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  • অন্যান্য

আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখর থাকবে আরাফাতের ময়দান

জয়পত্র ডেস্কঃ
জুন ১৫, ২০২৪ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আজ শনিবার ৯ জিলহজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে এদিন মুখরিত হবে আরাফাত ময়দান। বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন।
আরাফাতে অবস্থানকারীরা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শুক্রবার ৮ জিলহজ মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। ৯ জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশে রওনা করবেন। সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন।
এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান এবং প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সৌদি হজ কর্তৃপক্ষ প্রতিবারের মতো বিশেষ ব্যবস্থা নিয়েছে। সব শেষে কাবা শরিফে বিদায়ি তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সময় লাগে পাঁচ দিন।