খাইরুল ইসলাম বাসিদ : পাবনার সুজানগর পৌর সদরে পেট্রোলবাহী লরি গাড়ির চাপায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের লবাই প্রামানিকের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও পৌর সদরের মসজিদপাড়া মহল্লার আবু বকরের ছেলে আব্দুল মান্নান (৩৮)। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,দূর্ঘটনার সময় তেলবাহি লরিটি প্রাণী সম্পদ অফিসের সামনে নিচু সড়ক থেকে উপরের দিকে উঠতেছিল। হঠাৎ করেই চালক ব্রেক ফেল করলে গাড়িটি পেছনের দিকে চলে যায়। ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা দুইজন চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ওসি জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ও গাড়িটি জব্দ করে। দূর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায় ।
