ঈশ্বরদীতে অর্ধগলিত অবস্থায় সাগর হোসেন মন্ডল (২৬) নামে এক ইজিবাইক চালক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণ পাশে আব্দুল লতিফ এর কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাগর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে।
জানা যায়, গত ২২ এপ্রিল নিহত সাগর নিঁখোজ হওয়ায় পর দৌলতপুর থানায় একটি সাধারন ডায়রী করেন নিহতের স্বজনরা। পুলিশের ধারনা অটোবাইক ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই মাহফুজ ইসলাম বলেন, গত ২১ এপ্রিল সকালে আমার ভাই সাগর তার ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যায় আমার বাবার সাথে কথা হলে সাগর জানায় সে ভেড়ামারা সাতবাড়িয়া থেকে বাড়ির দিকে আসছে। কিন্তু সে বাড়িতে না ফিরলে তার মোবাইলে কল দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেলে ২২ তারিখে দৌলতপুর থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরী (জিডি) করি। আজ পাকাশীর পরিচিত একজন ফোন করে জানায় একজনের লাশ পাওয়া গেছে, আমরা এসে দেখি আমার ভাইয়ের লাশ।
নিহতের শ্বশুর তৌহিদুল ইসলাম বলেন, শনিবার রাত দেড়টার দিকে আমার জামাইয়ের বাড়ি থেকে কল দিয়ে জিজ্ঞাসা করে সাগর আমাদের বাড়িতে আসছে কিনা। আমি বলি না, এরপর থেকে আমার জামাইকে অনেক খোঁজাখুঁজি করি। আজ পুলিশ আমাকে ফোন দিয়ে বলে পাকশীতে একজনের লাশ পাওয়া গেছে। এসে দেখি আমার জামাইয়ের লাশ। তিনি বলেন, জামায়ের লাশের পাশে তার মোবাইল ও স্যান্ডেল পাওয়া গেছে কিন্তু তার ইজিবাইকটি পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আজ বিকেল ৪ টায় পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন কলাবাগানের কাছে ঘাস কাটতে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেলে থানায় খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যায় এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একটি নিখোঁজ ডায়েরীর সূত্র ধরে সেই পরিবারকে খবর দিই। পরে নিহতের পরিবার এসে মরদেহ শনাক্ত করলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি গোপন করতে হত্যাকারীরা পাকশীর কলা বাগানে ফেলে রেখে গেছে। ময়না তদন্ত শেষে স্বজনদের নিকট মরদেহটি হস্তান্তর করা হবে।
