নিজস্ব প্রতিনিধি ।
ঈশ্বরদী রেলগেট এলাকায় মালবাহী ও তেলবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেন দুটি দুমড়েমুচড়ে যায়। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী একটি ট্রেন খুলনা যাচ্ছিল। এটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পার হয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় পৌঁছালে অপর একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ও একটি বগি দুমড়েমুচড়ে যায়।
ঘটনার পরপরই ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসান কবীর ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরে তেল নামিয়ে দিয়ে খুলনার দিকে যাবার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দাঁড়ায়। ঘটনার সময় পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন ভারত থেকে ঢাকা যাবার পথে একই স্টেশনে দাঁড়ায়।
এ সময় পাথর বোঝাই ট্রেনটি শানটিং করার সময় (বগি এক লাইন থেকে আরেক লাইনে নেয়ার সময়) তেলবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। তখন তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঈশ্বরদী থেকে খুলনা এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে পাকশী রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ট্রেন দুর্ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে এ ট্রেনের চালক,সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের থেকে লিখিত জবাব চাওয়া হবে।
তিনি বলেন, ঈশ্বরদী লোকোমোটিভ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ ইতোমধ্যে শুরু করেছে। আমরা প্রাথমিকভাবে রেলগেটের কারণে যে যানবাহন চলাচল বন্ধ রয়েছে সেটি ক্লিয়ার করার চেষ্টা করছি। কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ট্রেন দুর্ঘটনা গভীরভাবে তদন্ত করতে সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহণ কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর সমন্বয়ে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
