ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্টজন

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১৬, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্টজন। গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইস্যুতে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন, ক্রীড়া ক্ষেত্রে একজন, সংস্কৃতিতে একজন এবং সমাজসেবায় তিনজন স্বাধীনতা পদক পাচ্ছেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইস্যুতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত তিনজন হচ্ছেন- কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন খুররম (মরণোত্তর)।

চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন এবং সমাজসেবায় অরণ্য চিরান, এস এম আব্রাহাম লিংকন এবং বীর মুক্তিযোদ্ধা ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী পুরস্কার পাচ্ছেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের মেডেল, মেডেলের একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।