ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে, পুড়ল বাস

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী লালপুর রোডের ভাদুর বটতলা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায় এবং সেই মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায় বাসে । এসময় ঘটনাস্থলেই পুড়ে গেছে বাস ও মোটরসাইকেল খানা । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২৫ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় সুপার সনি নামের একটি বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানায়,যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে আসছিল । পথিমধ্যে ভাদুর বটতলা তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো বাসে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে গেলে কেউ হতাহত হয়নি। এদিকে,ঘটনার পরই পালিয়ে যায় মোটরসাইকেল চালক।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাসে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । এখন পর্যন্ত কোন হতাহত হয়নি। কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাঘা থেকে বাসটি আসছিল, আর মোটরসাইকেলটি সামনে থেকে ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। কেউ হতাহত হয়নি। মোটরসাইকেল চালককেও পাওয়া যায়নি।’
এটা কোনো নাশকতা কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এটা কোনো নাশকতার ঘটনা নয়। একটি দুর্ঘটনা বলে ধারণা করছি।’