ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাবনা- ১ আসনের আ. লীগ প্রার্থীকে শোকজ

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২১, ২০২৩ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। পাবনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ একরামুল কবির এ নোটিশ পাঠিয়েছেন।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শামসুল হক টুকু এমপির ব্যক্তিগত সহকারী মামুন হোসেন নোটিশটি নিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, টুকুর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে টুকু বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বেড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হারুনর রশিদ, বেড়া পৌর পুলিশ প্রধান আবুল হাশেমের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে নির্বাচনী সভা করেন। সেখানে নৌকা প্রতীকে ভোট চান ও প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে অভিভাবকদের নৌকায় ভোট দিতে উদ্ধুদ্ধ করার নির্দেশ দেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণবিধির লঙ্ঘন।
এ বিষয়ে টুকুর বক্তব্য লিখিতভাবে জানাতে দুই কার্যদিবস সময় বেঁধে দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। অন্যথায় তার বক্তব্য ছাড়াই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও লিখিতপত্রে বলা হয়েছে। এ বিষয়ে জানতে টুকুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি।