নিজস্ব প্রতিনিধি ।
ঈশ্বরদী রেল ষ্টেশনের অদূরে রাখা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের হরতাল সমর্থকরা । এতে ট্রেনের একটি বগির ১১টি সিট পুড়ে গেছে ।
২৭ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ৯৯ ঢাকা মেইল ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনে ।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু মণ্ডল জানান,খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। তবে আগুনে একটি বগির ১১টি সিট পুড়ে গেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন,কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা আমাদের জানা নেই । আগুন দেওযার স্থলে প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন,তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
এই ঘটনায় ঈশ্বরদী রেল ষ্টেশনে বাড়তি নিরাপত্তা হিসেবে র্যা ব,গোয়েন্দা ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
অগ্নিসংযোগের ঘটনার পরপরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঈশ্বরদী সার্কেলেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
