এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ রবিবার। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করা হবে। এরপর সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফল পাবেন। এ ফলের অপেক্ষায় রয়েছেন কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী। ফলের দিকে তাকিয়ে রয়েছেন বিদেশে কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩২৭ পরীক্ষার্থীও।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, রবিবার (আজ) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন। রবিবার (আজ) আনুষ্ঠানিকতা শেষে ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।
ফল জানা যাবে যেভাবে : ফলপ্রার্থী শিক্ষার্থীরা ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে সহজেই ফল জানতে পারবে। শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd- এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থীরা তার রেজাল্ট শিট দেখতে পাবে।
