সরকার পতনের এক দফা দাবি, সমাবেশে হামলা ও সিনিয়র নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী জোটের ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আজ। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। একই কর্মসূচি পালন করবে জামায়াতসহ সরকারবিরোধী অন্য রাজনৈতিক দলগুলো।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৮ ও ৯ নভেম্বর সর্বাত্মক অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি পালনের কথা জানান। সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন মহাসমাবেশে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে প- হওয়া সমাবেশ থেকেই ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন সকালে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এক দফা দাবি ও ফখরুলের গ্রেপ্তারের প্রতিবাদে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।
