ঈশ্বরদী প্রতিনিধি ।। ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে । যথারীতি নিরাপত্তার মধ্য দিয়ে আজ ৩রা নভেম্বর শুক্রবার সকালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ঈশ্বরদীর রূপপুরে এসে পৌঁছায় । এ কারনে ভোর থেকে ঈশ্বরদীর দাশুড়িয়া কুষ্টিয়া-রোডে কঠোর পুলিশী নিরাপত্তা বলয় দেখা যায় । রাস্তাঘাটে সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। ইউরেনিয়াম বহনকারী গাড়ী প্রকল্প এলাকায় প্রবেশের পর রাস্তাঘাট জনগনের জন্য খুলে দেওয়া হয় এবং আনবিক প্রকল্প এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার সকাল ৯টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে । এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে রাশিয়া থেকে বিশেষ বিমানে রূপপুরের জন্য ইউরেনিয়াম ঢাকায় এসে পৌঁছায় ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্পের অভ্যন্তরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের সপ্তম চালানটিও শিগগিরই দেশে এসে পৌঁছাবে । উল্লেখ্য, গত ৫ অক্টোবর রূপপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি সনদ হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
