শিশুরাই হলো আগামী দিনের সবচেয়ে মূল্যবান উপাদান। তাই তাদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের কর্তব্য। সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তাদের দুঃখ-দুর্দশা থেকে আমাদের উপলব্ধি করা উচিত আসলে আমরা কতটা করছি তাদের জন্য। আমাদের দেশের এসব শিশুর জীবনে নিরাপত্তার সুবিধাটুকুও নেই, অন্য সুবিধা তো দূরে থাক। তাদেরও অধিকার রয়েছে অন্য সকলের মতো সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করা। তাই সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের প্রতি বৈষম্য নয়।’
ভালবাসার প্রিয় ঈশ্বরদী গ্রুপ ‘প্রতিশ্রুতি পথের পাঠশালা’র ছিন্নমূল শিশু শিক্ষার্থীদের প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস একথা বলেছেন।
বৃহস্পতিবার (১৪ জুন) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ভালবাসার প্রিয় ঈশ্বরদী গ্রুপের চীফ এডমিন লাবলু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কলামিস্ট মুরাদ মালিথা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, প্রকৌশলী আবু জাহিদ উজ্জল। সঞ্চালনা করেন প্রতিশ্রুতি পথের পাঠশালার উদ্যোক্তা রকিবুল ইসলাম।
এসময় সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, এডমিন উপদেষ্টা হাসান বেনজীর, এডমিন আহসান হাবিব, জাগরণ নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক ওহিদুল ইসলাম সোহেলসহ সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুরা উপস্থিত ছিলেন।
