ঈশ্বরদীতে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ৮টায় উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস এ আদেশ দেন। সাজা প্রাপ্তরা হলেন খুলনার খালিশপুর উপজেলার খোয়ালখালী গ্রামের আফসার আলী প্রামানিকের ছেলে জিএম আব্দুল আজিজ (৩৭) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলী আকবরের ছেলে মোঃ আলহাজ উদ্দিন (৪৭)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খারজানি গ্রামে নবীর উদ্দিনের বাড়ি ভাড়া নিয়ে ‘কেয়ার সঞ্চয় ঋণদান সমবায় সমিতি’র নামে একটি অবৈধ প্রতিষ্ঠানের শাখা অফিস চালু করেন। এ সমিতির সদস্যেদের এক লাখ টাকা ঋণ দেয়া হবে বলে খারজানি, কামালপুর ও দাঁদপুর গ্রামের ৪০ জনের নিকট থেকে ৫শ’ থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় নেয়। অবৈধভাবে টাকা গ্রহণ ও প্রতারণার অভিযোগে তাদের তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
খারজানি গ্রামের আকমল হোসেন জানান, একটি অবৈধ ও ভুয়া এনজিও’র নামে সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করছিল দুই প্রতারক। মঙ্গলবার বিকালে নবীর উদ্দিনের বাড়ি ভাড়া চুক্তি ও অগ্রীম টাকা দেয়ার কথা থাকলেও তারা চুক্তির অগ্রীম টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে। একই সঙ্গে তারা বুধবার ঋণ দিবে বলে গ্রামের মানুষদের নিকট থেকে সঞ্চয় গ্রহণ করতে থাকে। এ বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে প্রশাসনকে বিষয়টি অবহিত করি।
ঈশ্বরদী থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) রবিউল ইসলাম জানান, প্রতারকরা ভূয়া এনজিও’র নামে গ্রামবাসিদের নিকট থেকে সঞ্চয় গ্রহণ করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার তাদের পাবনা জেল-হাজতে প্রেরণ করা হবে।
দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার বলেন, এ বিষয়টি শুনার পর পরই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তারা এক সপ্তাহ আগে বাড়ি ভাড়া নিয়েছিল। ঋণ প্রদানের নামে সবেমাত্র সঞ্চয় গ্রহণ শুরু করেছিল। দুই প্রতারক আটক হওয়ায় এলাকার লোকজন বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
