ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  • অন্যান্য

টিটিই শফিকুল অবশেষে ট্রেনে কাজ শুরু করেছেন

নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২২ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা আদায়ে জন্য বরখাস্ত হওয়া ঈশ্বরদী স্টেশনের ভ্রাম্যমাণ টিকিট পরীক (টিটিই) শফিকুল ইসলাম ট্রেনে কাজ শুরু করেছেন।

মঙ্গলবার (১০ মে) বেলা ১১টা ৫০ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

গত রোববার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুদিন পরে তিনি আজ ট্রেনে ডিউটি পেলেন। টিটিই শফিকুল বলেন, রেলমন্ত্রী স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আন্তরিকতা ও সততার সঙ্গে অতীতের মতো আগামী দিনেও দায়িত্ব পালন করবো।

এর আগে রোববার(৮ মে) রেলমন্ত্রীর ৩ আত্নীয় জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামকে দায়িত্বে পূণর্বহাল করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা ( ডিআরএম) শাহীদুল ইসলাম রোববার(৮ মে) দুপুর ১২টায় এ আদেশ দেন। তিনি তার অফিস কক্ষে বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং চলাকালীন সময়ে এ আদেশ প্রদান করেন। তখন তিনি জানান এখন থেকেই তাকে পূনর্বহাল করার আদেশ দেয়া হচ্ছে। একই সাথে তদন্ত কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৩ কার্যদিবসের জায়গায় ৫ কার্যদিবস করা হয়েছে।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে ( ৫ মে) টিকেট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলপথমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী ৩ যাত্রী। টিকেট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন। এতে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীককে (টিটিই) তাদের জরিমানা করেন। পরে ‘রেলপথমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী ওই ৩ যাত্রী তাদের সাথে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ করেন। এতে ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ টিকিট পরীক (টিটিই) শফিকুল ইসলাম কে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তাদেশ শুক্রবার( ৬ মে) থেকে কার্যকর হয়েছিল।