ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  • অন্যান্য

ভালবাসার টানে ঈশ্বরদীতেঃ প্রেমিক কারাগারে, হাসপাতালে কিশোরী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

‘ভালোবাসার টানে’ কুষ্টিয়ার ছেলে সজিবের (২৭) সঙ্গে পালিয়ে যায় রংপুরের কিশোরী সুমাইয়া (১২)। কিন্তু পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তারা।  শুক্রবার সন্ধ্যায়  ঈশ্বরদীতে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ঈশ্বরদী পৌর এলাকায় সজিবের এক আত্মীয়র বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।রাতেই তাদের পাবনা জেলা পুলিশের মাধ্যমে ঢাকার সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সজিব কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেদিয়া গ্রামের আরানের ছেলে এবং রংপুর জেলার বদরগঞ্জ থানার দক্ষিণ মমিনপুর গ্রামের মণ্ডলপাড়ার আলমগীরের মেয়ে সুমাইয়া। তারা সাভারে রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া থাকত।ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান কালের জানান, প্রথমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এবং পরে সাভার থানার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ভালোবাসার টানে তারা বাড়ি থেকে পালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে রাতেই তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে মেয়ের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেমিক সজিবকে আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে সাভার মডেল থানার পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, ‘প্রতিবেশী ১২ বছর বয়সী ওই কিশোরীকে কৌশলে অপহরণ করেছে সজিব’―এমন একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সজিবকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।