সম্মেলন ছাড়াই ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৫ মার্চ) পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত এবং সংগঠনকে গতিশীল ও বেগমান করার লক্ষ্যে ১ বছরের জন্য ছাত্রলীগের উপজেলা ও পৌর কমিটি অনুমোদন দেয়া হলো। মল্লিক মিলন মাহমুদ তন্ময়কে সভাপতি এবং খন্দকার আরমানকে সাধারণ সম্পাদক ও পৌর কমিটিতে আবির হাসান শৈশবকে সভাপতি এবং মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস বলেন, গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ঐতিহ্যবাহী ছাত্রলীগ ক্ষতিগ্রস্থ হবে। তিনি ঘোষিত কমিটি স্থগিত করে অবিলম্বে সম্মেলনের মাধ্যমে কমিটি নির্বাচনের দাবি জানান।
ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস বলেন, অবৈধ প্রক্রিয়ায় ঘোষিত কমিটি মেনে নেয়া হবেনা। যেভাবে কমিটি করা হয়েছে তাতে আওয়ামী লীগের সংগঠন ও নৌকার ভোট নষ্ট হবে।
এবিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি গঠনতন্ত্র অনুযায়ী ও সাংগঠনিকভাবে কমিটি ঘোষণার নিয়ম রয়েছে জানিয়ে বলেন , করোনা পরিস্থিতির ও রমজান মাসের কারণে জেলা থেকে কমিটি ঘোষণা করা হয়েছে।
