ঢাকাবৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে ১০ কেজির স্বর্ণের গিলাফ উপহার সৌদি বাদশাহর

বিশেষ প্রতিবেদক
মার্চ ৩১, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পবিত্র কোরআনের আয়াত সংবলিত স্বর্ণ ও রুপা দিয়ে তৈরি ১০ কেজি ওজনের একটি গিলাফ উপহার হিসেবে পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

বুধবার ৩০ মার্চ দুপুরে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারপ্রধান, যিনি সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে এ ধরনের একটি গিলাফ গ্রহণ করলেন।’ এই উপহারের জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশি মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে।’

সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী।’ পর্যটন, সংস্কৃতি, বাণিজ্য ও বিনিয়োগে বহুমুখী সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশা করেন সৌদি দূত মোহাম্মদ ঈসা।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানায়। তারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জমি পছন্দ করতে পারেন।’ এক্সপো-২০৩০ আয়োজনে সৌদি আরবকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত এ ব্যাপারে তাদের প্রার্থীর প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন।

তাছাড়া মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানে জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ বা কোনো দেশকে বাইরে থেকে আমন্ত্রণ জানাবেন না।’