শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের লড়াই সংগ্রামের ঐতিহ্য, অর্জনের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক বিবৃতিতে দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতিসহ সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যেসব শহীদ মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অতীতে ও বর্তমানে নানাভাবে যারা পার্টিতে অবদান রেখেছেন ও রাখছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন জানানো হয়েছে। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সারাদেশে পার্টির সব কমিটি ও শাখার প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত নেতারা।
উল্লেখ্য, গত শতাব্দীর বিশের দশকে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালের ৬ মার্চ সিপিআইর দ্বিতীয় কংগ্রেসে পৃথকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একই সঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির চতুর্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে এবং ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে ধরা হয়।
কেন্দ্রীয় কর্মসূচি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ রবিবার সকাল ৮টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে পার্টির পতাকা উত্তোলন, বিকাল ৪টায় মুক্তি ভবনের সামনে থেকে লাল পতাকা মিছিল ও বিকাল সাড়ে ৫টায় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আলাচনা সভা অনুষ্ঠিত হবে।
