ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  • অন্যান্য

রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ-ইউক্রেনীয়রা মিলেমিশে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়ে পরলেও এর প্রভাব পড়েনি ঈশ্বরদীর রূপপুরে কর্মরত ওই দুই দেশের নাগরিকদের মধ্যে। রাশিয়ান ও ইউক্রেনীয়রা রূপপুর পারমাণবিকে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে কাজ করছে।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে ভয়ানক যুদ্ধ চললেও ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিন্ন অবস্থা বিরাজমান। এখানে রুশ ও ইউক্রেনীয় শুধু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি একসঙ্গে চলাফেরা, একই ভবনে বসবাস ও রেঁস্তোরা-হোটেলে খাওয়া ধাওয়া করছেন। তবে পরিবার পরিজনের জন্য ইউক্রেনের নাগরিকদের উদ্বিগ্ন দেখা গেলেও রূপপুর প্রকল্পে সবাই নিজেদের মধ্যে সৌহার্দ বজায় রেখেছেন।
রূপপুরে এখন ১৬ দেশের সাড়ে ছয় হাজার বিদেশী নাগরিক কাজ করছেন। এর বেশির ভাগ রাশিয়ান হলেও প্রায় দুই শতাধিক ইউক্রেনের নাগরিক রয়েছে। রূপপুর প্রকল্পে কর্মরত এবং গ্রীণ সিটির পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান ও রেঁস্তোরা-হোটেল রেস্তোরার মালিকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিদিন প্রায় ২৭-২৮ হাজার কর্মী কাজ করছেন। এদের মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি নাগরিক রয়েছেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের চাকরি নিয়েই ইউক্রেনের নাগরিকরা এখানে কাজ করতে এসেছেন। সকলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মিলেমিশে কাজ করছেন। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।
গ্রীন সিটির ৩নং গেটের সামনের ‘ফুড ওয়েভ’ রেঁস্তোরার ম্যানেজার মাহফুজুর রহমান শিপন জানান, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা একসঙ্গে চলাফেরা করছেন। কেনাকাটাসহ রেস্তোরায় একসঙ্গে খেতে আসছেন।
রূপপুর প্রকল্পের বিভাগীয় প্রধান (প্রশাসন ও অর্থ) অলোক চক্রবর্তী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রূপপুর প্রকল্পের কাজে পড়েনি। এখানে দুই দেশের নাগরিকেরা পারস্পরিক সৌহার্দ্যের সঙ্গে কাজ করছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে পরমাণু শক্তি কমিশন। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রসাটম)’র নেতৃত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে এটমস্ট্রয় এক্সপোর্ট।
এদিকে রসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেওয়া প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোনও বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে না।’
দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার ঈশ্বরদীতে। ১ হাজার ২০০ মেগাওয়াটের দু’টি ইউনিট নির্মাণ করা হচ্ছে রূপপুরে। খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণসহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।