ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

মাওলানা সালাহউদ্দিনের মৃত্যু : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা সালাহউদ্দিনের মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মরহুম মাওলানা সালাহউদ্দিনের বড় শ্যালক হাবিবুর রহমান ঢাকা পোস্টকে জানান, তিনি ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা হাসপাতাল থেকে মরদেহ বাসায় এনেছি। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা হবে। এরপর জিগাতলায় দ্বিতীয় জানাজা ও মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে। মরহুম সালাহউদ্দিনের অসিয়ত অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে দাফন করা হবে বলে জানান হাবিবুর রহমান।
২০০৯ সালের ২ জানুয়ারি মাওলানা সালাহউদ্দিনকে খতিব হিসেবে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। এর আগে তিনি মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। ২০০৬ সালে বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত খতিবের দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ নুরুদ্দীন।